নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত দপ্তরের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও প্রশাসনিক ভবনে অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ, মো. কবির শিকদার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাকিবুল হাসান ফারুক খানের নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, “অভিযোগের ভিত্তিতে দেখা গেছে, কয়েকজন কর্মকর্তা নিয়মবিধি উপেক্ষা করে পদোন্নতি পেয়েছেন। কিছু সনদের সত্যতা যাচাইয়েরও প্রয়োজন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের একাংশ দুদকের এই উদ্যোগকে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন:








