ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার চার দিন পর তাঁকে পুনরায় দলীয় পদে বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি স্থানীয় সাংবাদিকদের হাতে পৌঁছায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের অব্যাহতি প্রত্যাহার করে নাসিম উদ্দিন আকনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদে পুনর্বহাল করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তবে চিঠিতে তারিখ দেওয়া হয়েছে ২৪ অক্টোবর—অর্থাৎ তাঁর মৃত্যুর এক দিন আগে। এ বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দলীয় নেতাকর্মীদের অনেকেই বিষয়টিকে বেদনাদায়ক ও হাস্যকর হিসেবে মন্তব্য করেছেন।
রাজাপুর উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, যে ব্যক্তি দলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শক্তভাবে ধরে রেখেছিলেন, মৃত্যুর পর তাঁকে নিয়ে এমন তামাশা অত্যন্ত দুঃখজনক। জীবিত থাকতে তাঁর মূল্যায়ন করা হয়নি, মৃত্যু পর তাঁকে ব্যাক ডেট করে পদ ফিরিয়ে দেওয়া নির্মম পরিহাস।
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এখন নাসিম উদ্দিন আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে তার সঙ্গে যা করা হচ্ছে, এসব এখন শুধুই কষ্ট বাড়িয়ে দেয়। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।
এর আগে চাঁদাবাজির অভিযোগে গত ২৫ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাসিম উদ্দিন আকনের পদ স্থগিত করা হয়েছিল। তখন তাঁকে দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয় এবং উপজেলা বিএনপির নেতাকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না করারও নির্দেশ জারি করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় বাসের ধাক্কায় নাসিম উদ্দিন আকন নিহত হন।
আরও পড়ুন:








