সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

গাজীপুরে কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ; মহাসড়কে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৫:৪৩

শেয়ার

গাজীপুরে কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ; মহাসড়কে অগ্নিসংযোগ
কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বন্ধ থাকা এএ ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানাটিতে কয়েকদিন ধরে বকেয়া বেতন ও কর্মবিরতির দাবিতে টানাপোড়েন চলছিল। এ সময় কারখানার বিভিন্ন ফ্লোরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

রবিবার (২৬ অক্টোবর) বকেয়া বেতন পরিশোধের পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধাঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে এক ঘণ্টা পর শ্রমিকরা আবারও বর্জ্য বস্তাবন্দি করে মহাসড়কে আগুন ধরিয়ে দ্বিতীয় দফায় অবরোধ শুরু করেন। প্রায় ২০ মিনিট পর শ্রীপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেয়। দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন গার্মেন্টসের শ্রমিকরা দুই দফায় সড়ক অবরোধ করেন। তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।



banner close
banner close