সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

ভৈরব জেলার দাবিতে নৌপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৪:৩৮

শেয়ার

ভৈরব জেলার দাবিতে নৌপথ অবরোধ
ভৈরব জেলার দাবিতে নৌপথ অবরোধ

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ করেন ছাত্র-জনতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ভৈরব বাজারের লঞ্চ-কার্গো ঘাটে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় এক ঘণ্টা নৌ চলাচলসহ লঞ্চ-কার্গো ও স্পিডবোট চলাচল বন্ধ রাখেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য দেন- জেলা বাস্তবায়ন কমিটির নেতা মৌলানা সাইফুর রহমান শাহরিয়ার, জোনায়েত আলম ও গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ভৈরবকে জেলা ঘোষণা না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তারা বলেন, সোমবার রেলস্টেশনে শান্তিপূর্ণ অবরোধের সময় স্টেশন মাস্টার ও ট্রেনের চালকের ভুলের কারণে ট্রেনের ইঞ্জিনে কিছু লোক কয়েকটি পাথর নিক্ষেপ করলেও ট্রেনের কোনো ক্ষতি হয়নি। ছাত্র-জনতা রেললাইনে দাঁড়িয়ে থাকার সময় চালক হর্ণ বাজিয়ে ট্রেনটি চালাতে চাইলে জনতা উত্তেজিত হয়ে ঘটনাটি ঘটায়।

অবরোধ কর্মসূচি শেষে বেলা ১১টায় আগামী কর্মসূচির তারিখ ঘোষণা করে বক্তারা বলেন, আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) একসঙ্গে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে।

বক্তারা আরও বলেন, সোমবার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাতে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করেন স্টেশন মাস্টার। ওই মামলাকে আমরা ভয় পাইনা। পুলিশ যদি এ মামলায় আন্দোলনকারীদের মধ্যে কাউকে গ্রেপ্তারর করে তবে আমরা তীব্র আন্দোলনে যাবো।

এ বিষয়ে ভৈরব নৌ থানার ইনচার্জ রাশিদুজ্জামান জানান, আজ ভৈরব জেলার দাবিতে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে। আমিসহ আমাদের পুলিশ সদস্যরা নদীর ঘাটে নিরাপত্তার দায়িত্বে ছিল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইসএম আজিমুল হক উপস্থিত ছিলেন। ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে সকাল সাড়ে ১১টায় চলে যায়।



banner close
banner close