চট্টগ্রামের মিরসরাইয়ে মেঘনা ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, সকাল নয়টার দিকে ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও নিহত ব্যক্তি তা খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুন্ড ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, প্রাথমিক ভাবে তার শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন। চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ধাক্কায় তার মুখের অংশ থেঁতলে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিচয় জানার চেষ্টা চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন:








