শরীয়তপুরের জাজিরা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক স্বপ্নীল মাদবরের নেতৃত্বে থানায় প্রবেশ করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনায় জাজিরা থানা পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে ইমরান মাদবর নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলনা ওয়াকি-টকি ও পিস্তলের ছবি প্রকাশ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনার পর জাজিরা থানা পুলিশ তাকে আটক করে।
পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক স্বপ্নীল মাদবরের নেতৃত্বে ৭–৮ জন থানায় প্রবেশ করে ইমরান মাদবরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ইমরান মাদবর ও নির্জন মা দবরকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে। তবে মুখ্য সংগঠক স্বপ্নীল মাদবরসহ অন্যরা পালিয়ে যান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, স্বপ্নীল মাদবরের নেতৃত্বে কয়েকজন থানার ভেতরে ডিউটি অফিসারের রুমে প্রবেশ করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমরা দুইজনকে আটক করেছি, বাকিরা পালিয়ে গেছে।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করতে পেরেছে পুলিশ। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








