সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মনিরুজ্জামান খান (মনি) নামের এক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান খান সিরাজগঞ্জ সদরের মুজিব সড়ক এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য এবং ‘অন্যভূবন’কালচারাল স্কুল ও ‘অন্যভূবন মডার্ন ইংলিশ স্কুল’-এর প্রতিষ্ঠাতা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা গেছে, বিকেলে মনিরুজ্জামান খান ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ট্রেনের অপেক্ষায় ছিলেন সদানন্দপুর রেলস্টেশনে। কিছু সময় পর তিনি প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইনের দিকে এগিয়ে গেলে দ্রুতগতির লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তপন জানান, মনিরুজ্জামান খান স্টেশনে অপেক্ষা করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি কানে কম শুনতেন। ট্রেনের শব্দ টের না পেয়ে প্ল্যাটফর্ম থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে।
মনিরুজ্জামান খান লেখালেখি, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ছিলেন। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
আরও পড়ুন:








