পটুয়াখালীর দশমিনা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে মাহুয়া (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ৭৩ নং উত্তর-পশ্চিম গোছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহুয়া ওই ইউনিয়নের মুন্সি বাড়ির লুৎফর মুন্সির ছোট মেয়ে এবং ৭৩ নং উত্তর-পশ্চিম গোছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালেও মাহুয়া বিদ্যালয়ে আসে। স্কুল ছুটির পর দক্ষিণ পাশের একটি দোকানে খাবার কিনতে যাওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত ওসমান তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব শিক্ষকদের আরও বেশি সচেতনভাবে পালন করা উচিত ছিল। শিক্ষার্থীদের ছুটি শেষে অভিভাবকদের হাতে তুলে দেয়া বা অভিভাবককে ডেকে নেয়া উচিত ছিল বলে তাদের দাবি।
তারা আরও বলেন, নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত যানবাহনের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ধরনের যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
নিহত মাহুয়ার বাবা লুৎফর মুন্সি বলেন, “আমি পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো সকালেই কাজে বের হয়েছিলাম। হঠাৎ সাড়ে ১১টার দিকে ফোনে খবর পাই, আমার মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এরপর আর কিছু বলার মতো অবস্থায় নেই।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “আমরা হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছি। পুলিশ যাওয়ার আগেই স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। আমরা বাড়ীতে পুলিশ পাঠিয়েছি। তারা যদি অভিযোগ দায়ের করেন, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








