সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

কিশোরগঞ্জে বিএনপি নেতাদের দখলে থাকা জলমহাল উন্মুক্ত করলেন জেলেরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ০৯:৫৪

শেয়ার

কিশোরগঞ্জে বিএনপি নেতাদের দখলে থাকা জলমহাল উন্মুক্ত করলেন জেলেরা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি নেতাদের দখলে থাকা একটি জলমহাল উন্মুক্ত করে নিলো জেলেরা। রবিবার সকালে উপজেলার মাইজচর ইউনিয়নের হুমাইপুর এলাকায় ধলেশ্বরী নদীর ওই জলমহালটিতে শতাধিক নৌকা নিয়ে মিছিল করে জেলেরা দখলমুক্ত ঘোষণা করে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে ছিলো নদীর এই জলমহাল। স্থানীয় জেলেদের অভিযোগ, চাঁদা ছাড়া তারা নদীতে মাছ ধরতে পারতেন না। মাছ ধরতে গেলে হুমকি ও জাল কেড়ে নেয়া হয়। কিছু দিন আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরের নেতৃত্বে মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও হুমাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদ মিয়াসহ লোকজন নিয়ে মহড়া দিয়ে এই জলমহাল দখল করে তারা। এতে জীবিকা নির্বাহে চরম সংকটে পড়ে স্থানীয় জেলে ও এলাকাবাসী।

রবিবার সকালে বিভিন্ন গ্রাম থেকে জেলেরা নৌকা নিয়ে নদীতে জড়ো হতে থাকে। দুপুরের দিকে তারা একসাথে নদীতে নামে এবং ‘উন্মুক্ত উন্মুক্ত উন্মুক্ত’ স্লোগানে মুখরিত হয়ে জলমহাল উন্মুক্ত ঘোষণা করে। এ সময় নদীপাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

জেলে নির্মল চন্দ্র দাস বলেন, ‘বছরের পর বছর আমাদের নদী কিছু লোক দখল করে রেখেছিলো। আজ আমরা নিজের নদী নিজেরাই ফেরত নিয়েছি। এটা আমাদের জীবনের বড় আনন্দ। জলমহাল জেলেদের জীবিকার উৎস। কেউ দলের নামে এটা দখল করে রাখবে, সেটা অন্যায়। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের জবাব দিয়েছি।’



banner close
banner close