সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তার অনুপস্থিতি, সেবা থেকে বঞ্চিত তরুণরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ২০:২০

শেয়ার

সিরাজগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তার অনুপস্থিতি, সেবা থেকে বঞ্চিত তরুণরা
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সরকারি সেবা নিতে অফিসে গেলেও অধিকাংশ সময় কর্মকর্তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরছেন উপকারভোগীরা।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন বহু তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ, ঋণ ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের তথ্য নিতে অফিসে আসেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়মিত উপস্থিতি না থাকায় এসব কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

সেবা প্রত্যাশী রাশেদুল ইসলাম জানান, “প্রতিদিন অফিসে যাই, কিন্তু কর্মকর্তাকে পাই না। অনেক সময় দরজায় তালা ঝুলে থাকে। এতে আমরা ভীষণভাবে ভোগান্তির শিকার হচ্ছি।”

একই অভিজ্ঞতার কথা জানিয়ে প্রশিক্ষণার্থী আলীম হোসেন বলেন, “আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে চাই, কিন্তু কর্মকর্তাকে না পাওয়ায় কাজের অগ্রগতি থেমে আছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ নিয়মিতভাবে কর্মস্থলে অবস্থান না করে প্রায়ই বাইরে থাকেন। ফলে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তিনি সিরাজগঞ্জ শহরে অবস্থান করেন, তাই অফিসে আসতে কিছুটা সময় লাগে। তবে তিনি নিয়মিত অফিসে আসেন বলে দাবি করেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, “যদি কোনো কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত না থাকেন বা সেবা প্রদানে অবহেলা করেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি সেবায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত দপ্তরের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।



banner close
banner close