সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

জয়পুরহাটে করলা চাষে ভাগ্য বদলেছে কৃষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৮:৪৬

শেয়ার

জয়পুরহাটে করলা চাষে ভাগ্য বদলেছে কৃষকদের
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঠজুড়ে সবুজ করলার সমারোহ। এ বছর উপজেলায় ৫০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক।

উপজেলার আটিগ্রাম, মুনঝার, মিনিগাড়ি, আয়মাপুর, দেওগ্রাম, ঘুগইল, হিন্দা ও বাখেরা এলাকায় সবচেয়ে বেশি করলা চাষ হয়েছে। ব্যবহৃত জাতগুলোর মধ্যে মোঘল, গ্লোরি, নবাব ও কাবেরীসহ বিভিন্ন জাতের করলা।

আটিগ্রাম গ্রাম এলাকার কৃষক আজিজুর রহমান জানান, “এক বিঘা জমিতে মোঘল জাতের করলা চাষ করে তিনি ২ লাখ ২০ হাজার টাকার করলা বিক্রি করেছে। মালচিং ফিল্ম ব্যবহার করায় আগাছা হয়নি, পানি ধরে রাখা সহজ হয়েছে, ফলে ফলনও বেড়েছে। আগের যেকোনো মৌসুমের তুলনায় এবার লাভ অনেক বেশি।

মুনঝার গ্রামের কৃষক কাবিল হোসেন জানান, “১৬ শতাংশ জমিতে করলা চাষ করে ১ লাখ টাকার মতো বিক্রি করেছেন। আগে এত লাভ কল্পনাও করিনি। করলা চাষ এখন তাঁদের গ্রামের অনেকের আয়ের প্রধান উৎস হয়ে উঠছে।

ক্ষেতলাল উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরুল হোসাইন বলেন, “যেসব কৃষক মালচিং ফিল্ম ব্যবহার করেছেন, তাঁরা তুলনামূলকভাবে বেশি লাভবান হয়েছেন। এতে মাটি আর্দ্র থাকে, আগাছা কমে, গাছের ফলন বাড়ে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, “রাসায়নিক সারের পাশাপাশি কৃষকেরা ব্যাপক হারে জৈব সার ব্যবহার করায় গাছ সতেজ ছিল, রোগবালাই কম হয়েছে। ফলে ফলন ও মান দুটোই ভালো ছিল।

ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, “আমরা করলা চাষে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছি। করলা এখন ক্ষেতলাল অঞ্চলে লাভজনক ফসল হিসেবে নতুন দিগন্ত খুলে দিয়েছে। আগামী মৌসুমে চাষের পরিধি আরও বাড়বে বলে আশা করছি।

সবুজে মোড়া ক্ষেতলালের করলা ক্ষেত এখন এক অনুপ্রেরণার গল্প। আধুনিক কৃষি প্রযুক্তি, পরিশ্রম ও সঠিক পরামর্শএই ত্রিমাত্রিক সাফল্যের ফলেই বদলে যাচ্ছে কৃষকের জীবনচিত্র।



banner close
banner close