সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জ বেলকুচিতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া অব্যাহতির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৮:১৯

শেয়ার

সিরাজগঞ্জ বেলকুচিতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া অব্যাহতির অভিযোগ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচিতে লাইট হাইস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ভুয়া অব্যাহতি পত্র তৈরি করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাবিনা ইয়াসমিনকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন গত ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ নভেম্বর তিনি উক্ত কলেজে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দেন এবং ২০২৪ সালের ১ জুন এমপিওভুক্ত হন। পরবর্তীতে অসুস্থতার কারণে ছুটির প্রয়োজন হলে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা বলে তার মেডিকেল রিপোর্টে স্বাক্ষর নেন। কিন্তু তিনি কোনো অব্যাহতি পত্রে স্বাক্ষর করেননি বলে দাবি করেন সাবিনা ইয়াসমিন।

ছুটি শেষে কাজে যোগ দিতে গেলে অধ্যক্ষ তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে বাধা দেন এবং একটি ভুয়া অব্যাহতি পত্র তৈরি করে জানান যে তিনি নাকি পদত্যাগ করেছেন। এরপর বিনা নোটিশে তার বেতন বন্ধ করে দেওয়া হয়।

অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close