মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

মেট্রোরেল পিলার থেকে যন্ত্রাংশ পড়ে শরীয়তপুরের যুবকের মৃত্যু: গ্রামের বাড়িতে শোকের মাতম

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৭:৩৪

শেয়ার

মেট্রোরেল পিলার থেকে যন্ত্রাংশ পড়ে শরীয়তপুরের যুবকের মৃত্যু: গ্রামের বাড়িতে শোকের মাতম
ছবি: বাংলা এডিশন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে আবুল কালাম (৩৫) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। এখবর শোনার পর নিহতের গ্রামের চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মেট্রোরেলের ওপর থেকে ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে যায় এবং তা আবুল কালামের মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।