মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি অর্ধকোটির বেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ২০:৩৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি অর্ধকোটির বেশি
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রৌশন আলী মালি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে তিনটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গরুর ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আগুনে তিনটি গরু, শতাধিক হাঁস-মুরগি ও মূল্যবান স্বর্ণালংকারসহ নগদ অর্থও পুড়ে যায়।

বাড়ির মালিক রৌশন আলী (৫৫) অগ্নিদগ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রীও অসুস্থ অবস্থায় রয়েছেন।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন – পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এই ঘটনায় একই গ্রামের আলী আজম (৫৫), উসন আলী (৫০), রফিক মিয়া (৫০), মাহবুব রহমান (৪৫), মোবারক, জসিম মিয়া ও কামাল-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তবে অভিযুক্ত মাহবুব রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং আমরা আগুন নেভাতে সাহায্য করেছি।

ঘটনার খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতায় বেশিরভাগ ঘরই পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে আগুনের উৎস স্পষ্ট না হলেও, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের তীব্রতা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওয়াসি আজাদ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে আমরা রাত ২টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান করেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।