ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় বিএনপি নেতা ও ঠিকাদার নাসিম আকন (৪৮) নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর–ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে রাজাপুরের দিকে ফিরছিলেন নাসিম আকন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক বলেন, “ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।”
এদিকে নাসিম আকনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষজন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, “হাসপাতালে আনার সময় তার চেতনা ছিল। ব্যথায় তিনি ‘মা মা’ বলে ডাকছিলেন। নিজ হাতে চোখের ময়লা সরিয়েছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল পাঠানো হয়, কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন:








