সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র নিহত এক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ১৪:৫৫

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র নিহত এক
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নাসিরউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরামপুর গ্রামের দুই গোষ্ঠীখালপাড় ও পীরবাড়ী পক্ষের মধ্যে বিরোধ চলছিল। প্রায় পাঁচ-ছয় বছর শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করার পর গত রমজান মাসে লড্ডু খেলার বাজিকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সূত্রপাত ঘটে। রমজান মাসে বিষয়টি থেমে গেলেও রোজার ঈদের কয়েকদিন পর দুপক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়, যা প্রায় চার-পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল।

ঈদের পর মামলা-মোকদ্দমা ও উত্তেজনার কারণে অনেক পরিবার এলাকা ছেড়ে যায়। কোরবানির ঈদের পর আবারও সংঘর্ষের প্রস্তুতি নেওয়া হলেও স্থানীয় উলামায়ে কেরাম ও ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদরাসা জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুরব্বিদের উদ্যোগে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে শুক্রবার রাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খালপাড়ার এক পরিবারের সদস্য তার মায়ের জানাজায় অংশ নিতে এসে পীরবাড়ী পক্ষের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। সেখান থেকেই পুনরায় সংঘর্ষের সূত্রপাত হয়।

রাতে খালপাড়া এলাকায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। শনিবার ভোরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে দুই পক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র, হেলমেট ও লাইফ জ্যাকেট পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নাসিরউদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্তের কাজ চলছে।



banner close
banner close