পটুয়াখালীর বাউফলে অবৈধ মাহেন্দ্রা ট্রলির ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক দুমড়েমুচড়ে এক সেনা সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল-বরিশাল মহাসড়কের বাউফল পাবলিক মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কাওসার আহমেদ (২৬), স্থানীয় ব্যবসায়ী রুমান আহমেদ (২৭) ও ইজিবাইকচালক বেল্লাল হোসেন (৩০)। গুরুতর অবস্থায় কাওসারকে লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হাসপাতালে এবং রুমান ও বেল্লালকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইজিবাইকটি দুই যাত্রী নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অবৈধ মাহেন্দ্রা ট্রলি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়, ফলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রতি বাউফলে অবৈধ মাহেন্দ্রা ট্রলির ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, এসব ট্রলির বেপরোয়া চলাচলে এ পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে, কিন্তু নিয়ন্ত্রণে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আরও পড়ুন:








