যশোরের চৌগাছায় বালি বোঝাই ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোরের প্রাণ গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের জাহাঙ্গীরপুর ভাদড়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডু গ্রামের মন্তাজ আলীর ছেলে ইমন হোসেন ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম। দুজনই ছিলেন পরম বন্ধু এবং স্থানীয় এক বিদ্যালয়ের শিক্ষার্থী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে ইমন ও আশরাফুল মোটরসাইকেল নিয়ে যশোর শহরের দিকে যাচ্ছিল। পথে জাহাঙ্গীরপুর ধাপড়ি পোল এলাকায় পৌঁছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালি বোঝাই ট্রলির পেছনে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হঠাৎ এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুই বন্ধুর অকাল প্রয়াণে স্বজন ও সহপাঠীদের কান্নায় ভেঙে পড়েছে গ্রামজুড়ে নীরবতা।
আরও পড়ুন:








