সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

দেশের বন্ধ নৌপথ সচলের দাবিতে তিতাস থেকে বুড়িগঙ্গা প্রতীকী যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫ ০৯:১৯

আপডেট: ২৪ অক্টোবর, ২০২৫ ০৯:২১

শেয়ার

দেশের বন্ধ নৌপথ সচলের দাবিতে তিতাস থেকে বুড়িগঙ্গা প্রতীকী যাত্রা শুরু
ছবি: প্রতীকী

সারাদেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধার ও সচলের দাবিতে নদীপথে প্রতীকী যাত্রা শুরু করছে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’।

শুক্রবার সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর আনন্দবাজার ঘাট থেকে ঢাকার বুড়িগঙ্গা নদীর উদ্দেশে যাত্রা শুরু করবে সংগঠনটি।

একই দিন বিকেল ৪টাতে ঢাকার সদরঘাটে বিআইডব্লিউটিএ’র নতুন টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে ‘নদী–সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা’। এতে পরিবেশ আন্দোলনের কর্মী, গবেষক, নৌপরিবহন বিশেষজ্ঞ, সরকারি সংস্থার প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেবেন।

পরদিন শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টাতে বুড়িগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী অভিমুখে ফেরার মধ্য দিয়ে এই প্রতীকী যাত্রার সমাপ্তি ঘটবে।

নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, বাংলাদেশের নদীগুলো আজ চরম অস্তিত্ব সংকটে। একসময় ২৪ হাজার কিলোমিটারের বেশি নদীপথ নৌচলাচলের উপযোগী ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ছয় হাজার কিলোমিটারের নিচে। দখল, দূষণ, ভরাট ও প্রবাহ সংকটে নদীগুলোর স্বাভাবিক জীবনধারা ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, নদী বাঁচাতে রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি। অবৈধ দখলদার উচ্ছেদ, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ ও নদীর নাব্যতা ফিরিয়ে আনা ছাড়া নদীর প্রাণ ফেরানো সম্ভব নয়।

সংগঠনটির মতে, দেশের নৌপথ সচল হলে সড়কপথের চাপ কমবে, জ্বালানির ব্যবহার কমে পরিবেশ রক্ষা পাবে, এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি হবে আরও শক্তিশালী।



banner close
banner close