সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না: রুহুল আমিন

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ২২:৫৯

শেয়ার

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না: রুহুল আমিন
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনায় কৃষক সমাবেশে জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না, তাদের দরজায় সার পৌঁছে যাবে। এ দেশের কৃষক খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। চাকরিজীবী, ছাত্র, জনতাসবার প্রাণের দাবি, জামায়াতে ইসলামিকে এবার রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় তারা।

তারা এ রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, ঘুষ-বাণিজ্যমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, দখলদারমুক্ত দেখতে চায়। কৃষকের জমি ফুরিয়ে যাচ্ছে, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। ফসল উৎপাদন করতে কৃষকদের সার পেতে বেগ পেতে হচ্ছে। কারণ, একটি মহল এমন মেকানিজম চালু করেছে যে, সার পেতে হলে দরজায় দরজায় ঘুরতেই হবে। এ অঞ্চলে আলু চাষ হয়, পটল চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, অনেক রকম ক্ষুদ্র আবাদ হয়।

কিন্তু কোনো এমপি বা কোনো শিল্পপতি ভাবেননি এই এলাকায় একটি কোল্ড স্টোরেজ করলে ভালো হয়। কথা দিচ্ছিআপনাদের এই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন জামায়াতে ইসলামী করবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়ন করে সবাই মিলে এ দেশকে আমরা গড়তে চাই।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চুয়াডাঙ্গার দর্শনা থানা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মুক্তমঞ্চে বিকাল ৫টায় দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমান টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা কৃষি বিভাগের সভাপতি আলতাফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম ও জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমির সাহিকুল ইসলাম অপু।



banner close
banner close