সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জ-৫ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৮:৪৯

শেয়ার

সিরাজগঞ্জ-৫ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা
ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৫ (চৌহালী, এনায়েতপুর ও বেলকুচি) আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা চোখে পড়ার মতোভাবে বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কর্মীসভা, উঠান বৈঠক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯ জন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন তিনজন। তাঁদের মধ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম অন্যতম। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন এবং বর্তমানে দলীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়মিতভাবে তিনি নির্বাচনী এলাকায় কর্মীসভা, উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিচ্ছেন।

অন্যদিকে বিএনপির আরেক সম্ভাব্য প্রার্থী মেজর (অব.) মনজুর কাদের ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। সে সময় তিনি সৈয়দপুর মডেল স্কুল, মনজুর কাদের কারিগরি কলেজ ও দীর্ঘ ক্যানেল নির্মাণসহ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি অল্প ভোটে পরাজিত হন।

বিএনপির তৃতীয় সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু। তিনি মনোনয়ন পেলে নদীভাঙন প্রতিরোধ ও তাঁতশিল্পের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।

এ আসনে জামায়াতে ইসলামী একক প্রার্থী হিসেবে অধ্যাপক আলী আলমকে মনোনয়ন দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি নিয়মিতভাবে মসজিদ, মাদরাসা ও গ্রাম পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন।

নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থী মো. মাহিন সরকারও মাঠে রয়েছেন। তিনি জানান, বেলকুচি ও এনায়েতপুর এলাকায় তার দীর্ঘদিনের পরিচিতি থাকায় তরুণ ভোটারদের সমর্থন অর্জনে তিনি আশাবাদী।

গণধিকারের সম্ভাব্য প্রার্থী মো. হাসমত আলী সরকার নির্বাচিত হলে নদীভাঙনকবলিত মানুষের পুনর্বাসনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ছাড়া খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শেখ মো. নূর নবী হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিরাজগঞ্জ-৫ আসনে নারী ও তরুণ ভোটাররাই এবার নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।



banner close
banner close