সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

মহিপুরে বরফ কলের গ্যাস লিকেজে আহত ২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৬:০০

শেয়ার

মহিপুরে বরফ কলের গ্যাস লিকেজে আহত ২০
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি বরফ কলের অ্যামোনিয়া গ্যাস পাইপ ফেটে মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২০ জন শ্রমিক ও সাধারণ মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার গাজী আইস প্ল্যান্টে। রাত প্রায় দুইটার দিকে হঠাৎ বরফ কলের কর্নেসার পাইপ ফেটে গেলে অ্যামোনিয়া গ্যাস দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আশপাশের পরিবেশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। এতে শ্রমিকদের পাশাপাশি কাছাকাছি অবস্থান করা জেলেদের মধ্যে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, বমি ভাব ও মাথা ঘোরা শুরু হয়।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় পাঁচ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্যাস। এটি শ্বাসযন্ত্র, চোখ ও ত্বকের মারাত্মক ক্ষতি করে। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো।

এদিকে ঘটনাস্থল ঘুরে স্থানীয়রা জানান, গাজী আইস প্ল্যান্টসহ এলাকার বেশ কয়েকটি বরফ কল দীর্ঘদিন ধরে পুরনো ও অরক্ষিত অবস্থায় পরিচালিত হচ্ছে। আগেও এসব কলে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে, কিন্তু মালিকপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধান নেয়া হয়নি।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অ্যামোনিয়া গ্যাস মানুষের শ্বাসযন্ত্রের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। এটি বাতাস ও আশপাশের পানিকে দূষিত করে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বরফ কলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা যাচাই না হওয়া পর্যন্ত পুনরায় চালু না করার পরামর্শ দেয়া হয়েছে।



banner close
banner close