সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

বাঘাইছড়িতে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

বাঘাইছড়ি, রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৫:৪৯

শেয়ার

বাঘাইছড়িতে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

২৩ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০০-রও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক বাঘাইছড়ি উপজেলা সভাপতি মো. আব্দুল কাইয়ুম।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মো. মহিউদ্দিন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করেন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।

বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহণের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেয়েও শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য বরাদ্দ দিয়েছেন, অন্যদের বঞ্চিত করেছেন।

তারা বলেন, পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি বিভিন্ন বরাদ্দে বাঙালিদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হচ্ছে। জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলার সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানের নেতৃত্বে জেলার সব বরাদ্দ পাহাড়ি এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে। এতে বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছেন, যা স্বাধীনতার ৫৪ বছর পরের বাংলাদেশে কাম্য নয়।

বক্তারা আরও উল্লেখ করেন, জেলা পরিষদের কফি ও কাজুবাদাম প্রকল্পে ৩০২ জনের মাধ্যমে প্রায় ২৯ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, যা শুধুমাত্র পাহাড়িদের জন্য বরাদ্দ করা হয়েছেএতে বাঙালিরা চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা অভিযোগ করেন, বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে জেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকার বাজেট দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। বক্তারা বাবু দেবপ্রসাদ দেওয়ানকে উদ্দেশ করে ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিলের আলটিমেটাম দেন।

এছাড়া তারা পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দ সমভাবে বণ্টনের আহ্বান জানান। অন্যথায় জেলা পরিষদ সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন।



banner close
banner close