সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

কিশোরগঞ্জে পুত্রের হাতে পিতা খুন; আসামি পুত্র গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৫:২৯

শেয়ার

কিশোরগঞ্জে পুত্রের হাতে পিতা খুন; আসামি পুত্র গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় পিতা হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আব্দুল আওয়াল ওরফে বাদলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় র‍্যাব–১৪, সিপিসি–২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, নিহত ব্যক্তি আব্দুল মালেক করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে ছেলে আব্দুল আওয়াল প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করত এবং স্ত্রীকে নির্যাতন করতো। তিন মাস আগে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেলে, স্ত্রীকে ফেরাতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়াল।

গত ১৭ অক্টোবর সকালে পিতা আব্দুল মালেককে পূর্বপরিকল্পিতভাবে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মালেককে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেদিনই বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় আব্দুল আওয়ালসহ অজ্ঞাত আরও তিন–চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব–১৪, সিপিসি–২, কিশোরগঞ্জ ক্যাম্প এবং র‍্যাব–১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে ২২ অক্টোবর বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার প্রধান আসামি আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়।



banner close
banner close