মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

টঙ্গী থেকে নিখোঁজ খতিব, হাত-পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৫:০৭

শেয়ার

টঙ্গী থেকে নিখোঁজ খতিব, হাত-পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার
ছবি: মাওলানা মো. মহিবুল্লাহ

ইসকনের বিরুদ্ধে কথা বলায় নিখোঁজ হন টঙ্গীর টি অ্যান্ড টি সরকারি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ। নিখোঁজের ঘটনায় মাওলানা মহিবুল্লাহর ছেলে মো. মাহমুদুল্লাহ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী। তিনি জানান, পঞ্চগড়ের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন তাকে ফোন করে জানান যে, বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় মাওলানা মহিবুল্লাহকে দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় মুসল্লিরা জানান, মাওলানা মহিবুল্লাহ চলমান সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুতবায় বক্তব্য দেওয়ার পর থেকে ১২ বার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে গত ২১ অক্টোবর পুনরায় তাকে হুমকি দেওয়া হয়। এরপর ২২ অক্টোবর (বুধবার) তিনি নিখোঁজ হন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ অহিদুজ্জামান মাওলানা মহিবুল্লাহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।