সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ইউরোপ পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রিমন চক্রের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১০:০৬

আপডেট: ২৬ অক্টোবর, ২০২৫ ১০:০৬

শেয়ার

ইউরোপ পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রিমন চক্রের বিরুদ্ধে
ছবি: আরিফুল ইসলাম রিমন

ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম রিমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারক রিমন ফেনী জেলার দাগনভুঞা থানার দক্ষিণ করিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার প্রতারণা চক্রের জালে এ পর্যন্ত দেশের বিভিন্ন জেলার বহু মানুষ নিঃস্ব হয় বলে অভিযোগ রয়েছে। সাতক্ষীরা, ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

গ্রীসে পাঠানোর কথা বলে সাতক্ষীরার শরিফা আক্তার নীলা নামে এক নারীর কাছ থেকে রিমন এক কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নেয়। বিনিময়ে রিমন তাকে ৩৫টি জাল ভিসা দেয়। শরিফা আরো জানান, গ্রুপ পদ্ধতিতে আলাদা আলাদা করে ভিসা প্রস্তুত ও গ্রুপ গঠনের কথা বলে অর্থ নেয় রিমন।

ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে ইউরোপে পাঠানোর কথা বলে ৯ জনের একটি গ্রুপের কাছ থেকে ৪৫ লাখ টাকা নেয়ার অভিযোগও রয়েছে রিমনের বিরুদ্ধে। গ্রুপের ভুক্তভোগী সদস্য আলেয়া বেগম জানান, ছেলেকে ইউরোপ পাঠানোর কথা বলে তার কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা নেয়া হয়েছে। এছাড়া অন্য আরেকটি গ্রুপের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এভাবে সারা দেশ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয় রিমন।

ভুক্তভোগীদের অভিযোগ, পরিবারের রাজনৈতিক প্রভাব বাড়ার পর থেকেই রিমনের প্রতারণার মাত্রা বেড়ে যায়। ভুক্তভোগীদের দাবি, রিমনের মা স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে মনোনয়ন পেয়ে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই মায়ের প্রভাব কাজে লাগিয়ে রিমন ও তার ভাই রায়হান নানা অপকর্মে লিপ্ত হয়। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও রিমনের ঘনিষ্ঠতার কথা জানায় তারা। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের এক এএসপি ও এক ম্যাজিস্ট্রেটের সাথে তার সুসম্পর্ক রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরত চাইলে রিমন তাদের এই বলে হুমকি দেয়, বেশি বাড়াবাড়ি করলে ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট লক করে দেয়া হবে, যাতে তারা অন্য কোনো দেশেও যেতে না পারে।

স্থানীয়রা জানিয়েছে, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে যারা রিমনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে, তাদের মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ভুক্তভোগীরা রিমন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে টাকা আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

প্রতারণার বিষয়ে জানতে রিমনের সঙ্গে যোগাযোগ করা হলে সে উল্টো প্রশ্ন করে, এমন অভিযোগ গণমাধ্যমেকে কে দিয়েছে? অনেক সাংবাদিক তার পকেটে থাকে বলেও জানায় রিমন।

রিমনের বিরুদ্ধে সাতক্ষীরা ও ফেনীতে মামলা এবং প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।

রিমনের অপকর্ম নিয়ে বিস্তারিত থাকছে আগামী পর্বে....



banner close
banner close