সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১১:৪৬

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৫ ১১:৫৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩০
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে উত্তর সুহিলপুর এলাকায় অকিলের বাড়ি গোষ্ঠী ও আজিজের বাড়ি গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে টর্চলাইটের আলোতে দুই পক্ষের শতাধিক লোক টেটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সূত্র জানায়, তিন দিন আগে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে অকিলের বাড়ির গোষ্ঠীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ও আজিজের বাড়ির গোষ্ঠীর আকতার মিয়ার মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম হোসেন আওয়ামী লীগ সরকারের সময় ভিন্নমতের মানুষদের ওপর নির্যাতন, নিপীড়ন ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছিলেন। সরকার পরিবর্তনের পরেও তিনি এলাকায় আগের মতোই প্রভাব বিস্তার করে যাচ্ছেন। তার নামে একাধিক মামলা থাকলেও এখনও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



banner close
banner close