সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১১:৩৭

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৫ ১১:৪০

শেয়ার

পটুয়াখালীতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম
ছবি: ব্বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম ওই বাড়ির নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির শিশুদের খেলাধুলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে রাতে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে আল আমিন চৌকিদার, নবাব চৌকিদার ও তায়বা ধারালো অস্ত্র দিয়ে রেদায়েনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে, নবাব চৌকিদার অভিযোগ করেন যে রেদায়েন ও তার বাবা নুর আলম প্রথমে তাদের ওপর হামলা চালান।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পুলিশ আহতদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



banner close
banner close