কিশোরগঞ্জের সাবেক মন্ত্রীপুত্র ও জেলা বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন যোগ দিলেন বাংলাদেশ আওয়ামী লীগে। দল পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বলেন, শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।
লাইভে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।
অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মুবিনের পিতা মরহুম ফজলুল করীম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের মন্ত্রী (১৯৭৮–১৯৮২ মেয়াদে)।
দল পরিবর্তনের বিষয়ে মুবিন বলেন, আমি রাজনীতি করেছি দেশের জন্য, কোনো দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।
তার আওয়ামী লীগে যোগদানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এটি বিএনপির জন্য বড় ধাক্কা; অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের যুক্ত হওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে।
এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, আওয়ামী লীগে যোগদানের পর থেকেই স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন।
আরও পড়ুন:








