মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে ইউএনওকে নিয়ে সংবাদ প্রকাশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৯:৫৬

শেয়ার

সিরাজগঞ্জে ইউএনওকে নিয়ে সংবাদ প্রকাশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করেছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে ইউএনও কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, বিআরডিবি কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা উজ্জ্বল ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্নাফ খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতিবাদ সমাবেশে কোনো সভাপতি বা সঞ্চালক ছিলেন না এবং কেউ আনুষ্ঠানিক বক্তব্যও দেননি।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে ‘চৌহালীতে এডিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে নতুন কাগজ, খোলা কাগজ ও বাংলা এডিশনসহ আরও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পায়।

সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে প্রকল্পের ব্যয়ের বিস্তারিত উল্লেখ করে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, ইঞ্জিনের দাম ৫৫ হাজার টাকা, ভ্যাট ও ট্যাক্স ১১ হাজার ৭৪৫ টাকা, পরিবহন খরচ ২ হাজার টাকা, সেটআপ চার্জ ৩ হাজার টাকা এবং নৌকা মেরামত ও কাঠ বাবদ খরচ ৯ হাজার ২৫৫ টাকাসব মিলিয়ে মোট ব্যয় দাঁড়ায় ৮১ হাজার টাকা।

তবে ক্রয় রশিদে শুধুমাত্র ইঞ্জিনের দাম ৮১ হাজার টাকা উল্লেখ থাকায় প্রকল্পের প্রকৃত ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রকল্পে উল্লিখিত একটি এইচপি ব্র্যান্ডের লেজার প্রিন্টার, একটি কালার প্রিন্টার এবং একটি ২১.৫ ইঞ্চি মনিটর এখনো বিতরণ না হওয়ার তথ্যও পাওয়া গেছে।



banner close
banner close