চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় সাংবাদিক হেনস্তার ঘটনা ঘটেছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে করেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওইদিন সকালে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী তার দলীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করতে গেলে তারা বাধাপ্রাপ্ত হন। এঘটনায় শাহীদুল ইসলাম চৌধুরীর অভিযোগ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা তার লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেয়।
এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্চিত হন দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এবং দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন।
হামলাকারীরা ‘চেয়ারম্যান, চেয়ারম্যান’ বলে মিছিল দিতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সারা মিরসরাইয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়ে আসছি। এতে ব্যাপক সাড়া পাওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে এ হামলা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জহির উদ্দিন বাবলু বলেন, আমরাও ধানের শীষের পক্ষে নিয়মিত গণসংযোগ করি। বুধবার একই এলাকায় গেলে সামান্য তর্কাতর্কি হয়, তবে হামলার অভিযোগ সত্য নয়।
ভুক্তভোগী সাংবাদিক নাছির উদ্দিন বলেন, আমরা ভিডিও ধারণ করছিলাম। এক পর্যায়ে তারা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে বের করে দেয়।
ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








