খুলনায় একটি বিবাহ সংক্রান্ত প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন বহু আলোচিত সাচ্চু কাজী। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করে খুলনা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সাচ্চু কাজী শহীদুল্লাহ কাজীর ছেলে এবং নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কাজী হিসেবে বিভিন্ন বিয়ে সম্পন্ন করে আসছিলেন।
খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, দুই বছর আগে পূর্ব বণিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সাথে সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকার শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিবাহ সম্পন্ন হয়। সেই বিবাহের কাজী ছিলেন সাচ্চু কাজী। কিন্তু পরবর্তীতে মেয়ের পরিবার কাজীর কাছ থেকে বিবাহের কাগজপত্র চাইলে তিনি তা দিতে ব্যর্থ হন।
পরিবারের অভিযোগ, বিবাহের মুড়িবইয়ে সই থাকলেও রেজিস্ট্রি বইয়ে নবদম্পতির কোনো স্বাক্ষর নেই। এতে প্রতারণার আশঙ্কা করে হিরামনির পরিবার আদালতে মামলা দায়ের করেন।
গত ২৫ সেপ্টেম্বর আদালতে হিরামনি ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। সাচ্চু কাজী ওই মামলার ছয় নম্বর আসামি। এসআই আব্দুল হাই আরও জানান, সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তিনি বহু বিবাহের মধ্যস্থতাকারী ও কথিত “হোতা” হিসেবে পরিচিত।
স্থানীয়ভাবে এই ঘটনার পর কাজী কার্যক্রমের ওপর নতুন করে নজরদারি ও তদন্তের দাবি উঠেছে।
আরও পড়ুন:








