ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে কেনা রসমালাই খেয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন – মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), মিন্টুর ছোট ভাই নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) এবং মেয়ে ইয়ানা (৫)।
পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমালাই কিনে বাসায় নিয়ে যান। খাওয়ার কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা বমি ও পেটব্যথাসহ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এ বিষয়ে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটের মালিক জামাল মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখনো অবগত নই। প্রতিদিন আমাদের দোকান থেকে প্রায় ৩০-৪০ কেজি রসমালাই বিক্রি হয়। তবে আমি খোঁজ নিচ্ছি এবং অসুস্থদের বাড়িতে গিয়ে পরিস্থিতি জানতে চাই।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঁইয়া জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা দেখে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, দোকানটির মিষ্টিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির অভিযোগ রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো নজরদারি দেখা যায়নি।
ভোক্তারা দাবি করেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের নিয়মিত তদারকি ও খাদ্য নমুনা পরীক্ষা করা জরুরি।
আরও পড়ুন:








