মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

লালমনিরহাটে আ. লীগ ও জাতীয় পার্টি থেকে একযোগে পদত্যাগ ৫৬ ইউপি সদস্যের

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৮:৫৭

শেয়ার

লালমনিরহাটে আ. লীগ ও জাতীয় পার্টি থেকে একযোগে পদত্যাগ ৫৬ ইউপি সদস্যের
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাট সদর উপজেলায় পারিবারিক ও শারীরিক কারণ দেখিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা স্ব স্ব অবস্থান থেকে লিখিতভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

জাতীয় পার্টির নেতা ও মহেন্দ্রনগর ইউপি সদস্য মো: শাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদত্যাগকারী ইউপি সদস্য মো: আনোয়ারুল ইসলাম বাবুল, আজিজুল ইসলাম, ইব্রাহিম মিয়া, গিয়াস উদ্দিন, লাল মিয়া, চিত্ত রঞ্জন, রোকছেনা বেগম, আফসানা বেগম, ডাবলু অধিকারী, আ: ছালাম মিয়া, কাজলী মোহন্ত, এন্তাজুল হক, ওবায়দুল হক, লোকমান হাকিম, কামরুল হাসান, নজরুল ইসলাম ভূট্টু, রহিম বাদশা, মমতাজ আলী সরকার, আজগার আলী, আবু সায়েম মণ্ডল, জোবায়দুল ইসলাম জোবেদ, সোলায়মান আলী, রফিকুল ইসলাম রফিক, সেকেন্দার আলী, মহসিন আলী বিটুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত পদত্যাগপত্রে ইউপি সদস্যরা উল্লেখ করেন,“আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ/জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে পারিবারিক ও শারীরিক কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, কারও প্ররোচনা ছাড়া উক্ত রাজনৈতিক সংগঠন থেকে পদত্যাগ করছি। আজ থেকে সংগঠনটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং এর কোনো দায়ভার আমার ওপর বর্তাবে না।”

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ও পঞ্চগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগপন্থী ৪৪ জন এবং জাতীয় পার্টিপন্থী ১২ জন ইউপি সদস্যসহ মোট ৫৬ জন পদত্যাগ করেছেন।

সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে কেবল বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বিএনপি সমর্থিত। তাঁরা এই অনুষ্ঠানে অংশ নেননি।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল বলেন,“ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যরা একটি অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিলেন। পরে জানতে পারি, সদরের আটটি ইউনিয়নের দলীয় সমর্থিত ইউপি সদস্যরা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।”



banner close
banner close