মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে মারধর করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা বন্ধ করছিলেন। এ সময় দরজা লাগানোর শব্দে ক্ষুব্ধ হয়ে জয়নাল চৌধুরী প্রশ্ন তোলেন ‘শব্দ হলো কেন?’ এরপর তিনি মুয়াজ্জিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এশার নামাজের পর সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তারা অভিযুক্ত বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, “আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা বন্ধ করছিলাম। হঠাৎ তিনি এসে রেগে গিয়ে আমাকে ধমক দেন ও গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি, কখনও এমন ঘটনার শিকার হইনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, স্থানীয় মুসল্লিরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তবে শ্রীমঙ্গল থানা পুলিশ জয়নাল চৌধুরীকে হেফাজতে নেয়ার বিষয়টি অস্বীকার করেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারীরা প্রাথমিকভাবে বিষয়টি জানিয়েছেন, তারা আবার এসে লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
আরও পড়ুন:








