দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের সাথে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হলেও ভিন্নতা দেখা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে৷ অনুষ্ঠিত হয়নি সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন। সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন নিয়ে সরব হয়েছেন হাবিবুর রহমান (তাহসান হাবিব)।
সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন নিয়ে আলোচনা করেন।
গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন৷ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন তাহসান হাবিব। তবে তিনি মাত্র ২২ ভোট ব্যবধানে পরাজিত হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল নোমানের কাছে।
ফেসবুকে দেওয়া পোস্টে তাহসান হাবিব লিখেন, “ক্যাম্পাস হতে বিদায় নেওয়ার আগ-অবধি আপাতত আমার দুটি ইচ্ছে: শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম শক্তিশালী আরেকটি স্থান হইলো 'সিনেট'। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে চাই 'সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন' আদায় করার। এই যে আমার প্রতি যারা আস্থা রেখেছেন, এতটা ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের সাথে আর একটাবার সাক্ষাৎ করতে চাই। আশা করছি সেই সুযোগটি পাবো।”
তিনি আরও লিখেন, “চাকসু নির্বাচনে প্রচারণা, ফলাফল থেকে শুরু করে এ পর্যন্ত আপনাদের যে অগণিত ভালোবাসা, সমর্থন-সাহায্য পেয়েছি, তা আমার এ ছোট্ট জীবন সবচেয়ে বড় পাওয়া। আমি আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ। আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা গ্রহণ করবেন।”
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, “চাকসু নির্বাচনে আমি হেরে গেলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ আমার প্রতি সমর্থন জানিয়েছেন, বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন। আমি আপনাদের কাছে চিরঋণী। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।”
আরও পড়ুন:








