মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

মেহেরপুর ভৈরব নদে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ২২:৪৭

শেয়ার

মেহেরপুর ভৈরব নদে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর ভৈরব নদে থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর বিশ্বাসপাড়া ও মুজিবনগর উপজেলার রশিকপুর সুইচ গেট এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং পিরোজপুর গ্রামের বিশ্বাসপাড়ার জল্লাদ হোসেনের ছেলে মাহবুব (১৫) ও মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির উদ্দিনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর পৌর কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী, মাহবুব পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও কৌশিক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের ভৈরব নদে সুইচ গেট এলাকায় তানভীর ও কৌশিক গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে খুলনা ডুবুরি টিমকে খবর দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল খুলনা থেকে এসে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে তানভীর ও রাত ৯ টার দিকে কৌশিকের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, সদর উপজেলার পিরোজপুর গ্রামের বিশ্বাস পাড়ার ভৈরব নদে দুপুরে মাহবুব নামে এক কিশোর গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান বলেন, নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।



banner close
banner close