ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা খালে পাইলিং স্থাপন কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামান সুইটকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আত্মরক্ষার জন্য ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (নং–৯০১, তারিখ: ২০ অক্টোবর ২০২৫) দায়ের করেছেন।
সাংবাদিক কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দূরযাত্রা ও অনলাইন নিউজপোর্টাল দৈনিক খবর ডটকম-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
জিডিতে উল্লেখ করা হয়, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে নাঈম হোসেন (৩৫) ও তার মা নিলুফা বেগম (৫০) স্থানীয় প্রেসিডেন্ট বাড়ির খলিল হাওলাদারের ঘরের সামনের খালপাড় এলাকায় প্রায় ৫০০ ফুট পাইলিং স্থাপনের কাজ করেন। ওই কাজে অনিয়মের অভিযোগে গত ১৬ অক্টোবর দৈনিক খবর ডটকম-এ ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক সুইট।
এর পরদিন সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৩৬ মিনিটে প্রতিবেদকের ব্যবহৃত নম্বর ০১৯৩৬-১১২৭০৭ এ ০১৩০৪-৮৫৭৩৫০ নম্বর থেকে ফোন করে নাঈম হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। সাংবাদিক তাকে গালিগালাজ থেকে বিরত থাকতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে “জবাই করে খুন করব” বলে হুমকি দেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, হুমকির সময় ঘটনাস্থলে উপস্থিত বাবুল মিনা ও সাইফুল ইসলাম বাবু বিষয়টি প্রত্যক্ষভাবে শুনেছেন। সাংবাদিক বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,
সাংবাদিককে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








