মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট, তিনজনকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ২০:৫৬

শেয়ার

সিরাজগঞ্জে ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট, তিনজনকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের মুখ বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাটি ভরাটের দায়ে তিন ব্যক্তিকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দাইকোনা ষোলমাইল এলাকার জোড়পুকুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযানে দেখা যায়, ব্রিজের মুখ বন্ধ করে আবাদি জমির পাশে মাটি ফেলে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুসারে তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন—চান্দাইকোনা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫০ হাজার টাকা), বগুড়ার শেরপুর উপজেলার রোরুয়া গ্রামের মোশাররফ হোসেন (১ লাখ ৫০ হাজার টাকা) এবং চান্দাইকোনা গ্রামের শরিফুল ইসলাম (৮০ হাজার টাকা)।

ভ্রাম্যমাণ আদালত ভরাটকৃত মাটি দুই দিনের মধ্যে অপসারণ করে স্থানটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন বা ভরাটের কাজ করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানাচ্ছি।”



banner close
banner close