মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সোমবার দুপুরে রশিকপুর গ্রামের সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে নিলয় হোসেন (২০) এবং আমদহ গ্রামের মাহির হোসেনের ছেলে কৌশিক (২১)। নিলয় হোসেন মেহেরপুর সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভৈরব নদের রশিকপুর সুইচগেটে গোসল করতে নামে বেশ কয়েকজন। এ সময় সুইচগেট এলাকায় স্রোতের মুখে নিলয় হোসেন ও কৌশিক নিখোঁজ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধারে চেষ্টা চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা বলেন, সুইচগেট এলাকায় পানি প্রবাহ বেশি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, ডুবুরি দল পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন:








