চুয়াডাঙ্গা সদর উপজেলার রোজগঞ্জ বাজারে বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য রাজনৈতিক দলের মোট ১০৫ জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রবিবার বিকেলে স্থানীয় জামায়াত নেতারা ফুল দিয়ে তাদের বরণ করেন।
সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজুর নেতৃত্বে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী, শংকরচন্দ্র ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. বেল্টু রহমান, নবীননগর গ্রামের বিপুল ও কাঙ্গাল, সরোজগঞ্জ বাজারের ওলীউর রহমান ওলীসহ মোট ১০৫ জন জামায়াতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরোজগঞ্জ বাজার ইউনিট জামায়াত সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার ও সদর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদার।
প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় জেলা ইউনিট সদস্য মো. আব্দুর রউফ, সদর উপজেলা আমির বেলাল হোসাইন, যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ ও জেলা এইচআরডি সম্পাদক মো. আবু রায়হান উপস্থিত ছিলেন।
জামায়াতে যোগদানকারী সাজেদুল ইসলাম সাজু বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আচরণ ও নীতি আমাকে অনুপ্রাণিত করেছে, তাই এই দলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিএনপি কর্মী মো. বেল্টু রহমান জানান, জামায়াতে ইসলামী ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে—এই বিশ্বাস থেকেই তিনি নতুন দলে যোগ দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতি তার কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি এ দলে যুক্ত হয়েছেন।
আরও পড়ুন:








