পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় মৎস্য অধিদপ্তর ও নৌ–পুলিশের অভিযানকারী দলের ওপর একদল জেলে হামলা চালিয়েছে। এতে অভিযান দলের অন্তত দুই সদস্য আহত হয়েছেন। পরে তিন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যার দিকে উপজেলার মমিনপুর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান দল নদীতে টহল দেয়ার সময় বেশ কয়েকজন জেলে ইলিশ শিকার করছিল। তাদের জাল জব্দ করতে গেলে জেলেরা হঠাৎ হামলা চালায়। এতে স্পিডবোটচালক ও ট্রলারের মাঝিসহ দুই সদস্য আহত হন।
হামলার পর জেলেরা পালানোর চেষ্টা করলেওপ্রশাসনের সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন—কেশবপুর ইউনিয়নের সুলতান আকনের ছেলে জসিম আকন (৩৮) ও অসিম আকন (৪০), এবং একই গ্রামের জালাল আকনের ছেলে মো. রেজাউল আকন (৪৫)।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু আটককৃত তিন জেলেকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন হামলাকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








