বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর যৌথ স্বাক্ষরে গতকাল ১৮ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশিত হয়। কমিটি প্রকাশের পর তাৎক্ষণিক ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ ও পদত্যাগ করেছেন অনেক ছাত্রনেতা।
আজ ১৯ অক্টোবর অত্র কমিটিতে দুর্দিনের ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগ ও অছাত্র দিয়ে কমিটি গঠনের অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।
এসময় অত্র কলেজের শত শত সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সদ্য ঘোষিত কমিটি থেকে পদত্যাগ, ক্ষোভ প্রকাশ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা ছাত্রনেতাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নাঈম ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম ও মাহফুজ তালুকদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন সাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন খান, মোঃ নাছিম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন ফকির সহ অত্র কমিটির ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন সাকিব অভিযোগ করে বলেন, সভাপতি তাহেরুল ইসলাম ইমনের অত্র কলেজের ছাত্রত্ব নেই। এছাড়া কমিটিতে অনেক ছাত্রলীগ কর্মী আছে, এরা কীভাবে আসলো? আমি কেন্দ্রীয় ছাত্রদলকে বলবো, আপনাদের টিম লিডাররা ছাত্রলীগ দিয়ে কমিটি দিয়েছে, যা ছাত্রছাত্রীরা মানে না।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম বলেন, কমিটির অধিকাংশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলো এবং অনেকের ছাত্রত্ব নেই। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা ছিলো, কলেজ কমিটি গঠনের ক্ষেত্রে যাদের ছাত্রত্ব আছে তাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।
এসময় স্লোগানে স্লোগানে যুগ্ম সাধারণ সম্পাদক শিপন খান বলেন, ছাত্রলীগ দিয়ে কমিটি মানি না, মানবো না।
আরও পড়ুন:








