বিদ্যমান ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০০৯’ বহাল রাখা এবং কমিশন বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)।
রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'ডিলারের অধিকার রক্ষা করতে পূর্বের সার নীতিমালা বহাল রাখতে হবে। দীর্ঘদিন ধরে দেশের কৃষি উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা রাখছি। কিন্তু নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ ও কমিশন না বাড়ায় আমরা চরমভাবে উদ্বিগ্ন।'
মানববন্ধনে বক্তারা সরকারের নিকট তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলোঃ
প্রথমত, বিদ্যমান সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা-২০০৯ বহাল রাখা এবং প্রস্তাবিত নতুন নীতিমালা-২০২৫ স্থগিত করা।
দ্বিতীয়ত, ডিলারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ করা।
তৃতীয়ত, ডিলার কমিশন যৌক্তিক হারে বৃদ্ধি করা। বক্তারা জানান, ১৯৯৫ সালে সারের দাম ছিল ২৪০ টাকা, কমিশন ছিল ১০০ টাকা; বর্তমানে দাম ১,৩৫০ টাকা হলেও কমিশন অপরিবর্তিত রয়েছে। ফলে পরিবহন, শ্রমিক ও বাজারব্যয় বৃদ্ধির কারণে বর্তমান কমিশন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে।
চতুর্থত, দীর্ঘদিন ধরে কৃষকদের বাড়িতে সার সরবরাহ করে আসা খুচরা ডিলারদের বহাল রাখা।
পঞ্চমত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রেরিত চাহিদা অনুযায়ী শতভাগ সার বরাদ্দ নিশ্চিত করা। বক্তারা অভিযোগ করেন, সরজমিন উইং প্রায় ৬৭ শতাংশ চাহিদা কমিয়ে মাত্র ৩৩ শতাংশ বরাদ্দ দেয়, যার ফলে মাঠ পর্যায়ে সারের সংকট দেখা দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি মো. আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি কাজি সেতাউর রহমান, নাচোল উপজেলার ডিলার নাজমুল হকসহ অন্যরা।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আব্দুস সামাদ বরাবর স্মারকলিপি প্রদান করে।
আরও পড়ুন:








