মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

আড়াই কোটি টাকার ভারতীয় ফোন ডিসপ্লে ও শাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৮:২৭

শেয়ার

আড়াই কোটি টাকার ভারতীয় ফোন ডিসপ্লে ও শাড়ি উদ্ধার
ছবি: বাংলা এডিশন

বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানে দুই কোটি ৫৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ হয়েছে।

শনিবার দিবাগত রাতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে, এক কোটি চার লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, খাদ্য সামগ্রী ও পটকা জব্দ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ২৪ সেপ্টেম্বর ২০২৫, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১৩০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি গাড়ি ও চালককে গ্রেফতার করা হয়।

এছাড়াও গত ২ জুলাই ২০২৫, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১১ হাজার ৬০০ পিস মোবাইলের ডিসপ্লে উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস জব্দ এবং চালক মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।