এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্যাতনের প্রতিবাদে এবং ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসাভাতা ও ৭৫ শতাংশ উৎসবভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষাখাতের মূল ভিত্তি। তারা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন। অথচ পুলিশের হামলায় আহত হওয়া শিক্ষকরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। বক্তারা বলেন, সরকারের প্রতি আস্থা রেখে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে মাঠে থাকা শিক্ষক সমাজ এখন অন্যায়ভাবে নিপীড়নের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।
বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের জীবিকা নির্বাহের বাস্তবতা বিবেচনায় ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা ও ৭৫ শতাংশ উৎসবভাতা প্রদান এখন সময়ের দাবি। তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল আখতার, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোত্তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির, সহ-সাধারণ সম্পাদক দিলসাদ তাহমিনা ও অধ্যক্ষ মো. সারোয়ার আলম প্রমুখ।
মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা সকল শিক্ষককে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
আরও পড়ুন:








