ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে গেছে প্রায় ২০টি দোকান। শনিবার রাত ১০টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রথমে একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। কিছু সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং একে একে মুদি, ওষুধ, বীজ, কাপড় ও জুতার দোকানসহ বাজারের একটি বড় অংশ আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
সাতৈর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ‘২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে। আগুনের উৎস নির্ধারণ করা না গেলেও ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়াতে পারে।’
বোয়ালমারী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ঘটনার বিস্তারিত এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পরে জানানো হবে।
এদিকে মধুখালী ফায়ার সার্ভিসও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আগুন কীভাবে লেগেছে, তা নির্ধারণে তদন্ত চলছে।
আরও পড়ুন:








