বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহত ইমরানের মামাতো ভাই জিসান (২০) এবং তার দুই বন্ধু মাহি ইসলাম ও সৈকত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের অনুসন্ধান অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর রাতের ঘটনা। শিবগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে রাণী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেন (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত হন। খুনিদের উদ্দেশ্য ছিল ইমরানের মোটরসাইকেল চুরি করে বিক্রি করে ঋণ শোধ ও মাদকের টাকা জোগাড় করা। বাধা দেয়ায় প্রথমে ইমরান, পরে তার মা রাণীকে হত্যা করা হয়। পরে তারা ঘর থেকে স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে পালায়।
বগুড়ার শিবগঞ্জের সহকারি পুলিশ সুপার রবিউল ইসলামের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তা এসআই উৎপল কুমার বোসের নেতৃত্বে গঠিত টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করে।
১৫ অক্টোবর ঢাকার আশুলিয়া থেকে মাহি ইসলামকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তী সকালে ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে জিসান ও সৈকতকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিন অভিযুক্তই মাদকাসক্ত এবং বিভিন্ন ঋণের বোঝা থাকায় অপরাধে জড়িত হয়েছে।
আরও পড়ুন:








