গাজীপুরের শিমুলতলীতে অনুমতিবিহীন বাণিজ্য ও কুটির শিল্প মেলার নামে পরিচালিত লটারি ও জুয়া বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-শিমুলতলী সড়কে বাংলাদেশ মেশিন টুলস কারখানার সামনে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, র্যাফেল ড্রয়ের নামে প্রতিদিন লাখ লাখ টাকা লটারি বিক্রি করে নিম্ন আয়ের মানুষদের ঠকানো হচ্ছে। এতে দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এছাড়া, উচ্চ শব্দে মাইক ব্যবহার, যানজট ও শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্নসহ নানা সমস্যার অভিযোগ ওঠে।
বিক্ষোভে জামিয়া ইসলামিয়া গাজীপুর মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে বিভিন্ন ইমাম, ছাত্রনেতা ও স্থানীয় সমাজসেবকরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন জানায়, মেলার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, বরং বন্ধে মহানগর পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। তবে আয়োজকরা অনুমতির দাবি করলেও, গাজীপুর সদর থানার ওসি জানিয়েছেন, মেলার অনুমতির জন্য তাদের কাছে কেউ আবেদন করেনি।
এলাকাবাসীর দাবি, মেলার নামে জুয়া ও লটারি অবিলম্বে বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে তারা।
আরও পড়ুন:








