কুষ্টিয়ার খোকসায় দুই পিস ইয়াবার টাকা না পেয়ে মাদক ব্যবসায়ী শাহিন হোসেন মাদকাসক্ত রাকিবুল ইসলামকে গালিগালাজ করে হুমকি দেন এবং মুখে থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহিনকে হত্যা করেন রাকিবুল। এ ঘটনায় অভিযুক্ত রাকিবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আসামি রাহুলকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত মাদক ব্যবসায়ী শাহিন হোসেন (৩৫) উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে। গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাহুল (২১) একই গ্রামের গ্রামের ওসমান আলীর ছেলে।
খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মাঠপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির বারান্দা থেকে পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন এ ঘটনায় মৃত শাহিনের স্ত্রী বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত শাহিনের মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ এলাকা থেকে রাহুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শাহিনের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাহুল হত্যার দায় স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের ঘটনার দিন তিনি শাহিনের কাছ থেকে দুটি ইয়াবা নিয়ে সেবন করেন। টাকা দিতে না পারায় শাহীন তাকে গালিগালাজ, হুমকি এবং মুখে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে রাহুল নাইলনের রশির ফাঁস বানিয়ে শাহিনের গলায় শক্ত করে বেঁধে তাকে হত্যা করেন। শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তার আসামি রাহুলকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, খুন হওয়া ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং মূলত মাদক নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








